শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ইসরায়েলি ও ভারতীয় নারীকে ধর্ষণ: ৩ জনের মৃ,ত্যুদণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:০৭ পিএম

ইসরায়েলি ও ভারতীয় নারীকে ধর্ষণ: ৩ জনের মৃ,ত্যুদণ্ড

তিন আসামির মৃত্যুদণ্ড

ভারতের কর্ণাটক রাজ্যে বিদেশি ও স্থানীয় পর্যটকদের ওপর ভয়াবহ হামলা, গণধর্ষণ এবং হত্যার দায়ে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে জেলা আদালত। সোমবার আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। দণ্ডপ্রাপ্তরা হলো ২২ বছর বয়সী হান্দি মল্লা, ২১ বছর বয়সী চৈতন্য সাই এবং ২৭ বছর বয়সী শারানাপ্পা শারাণবাসাবরাজ। ২০২৫ সালের মার্চ মাসে তুঙ্গভদ্রা খালের পাড়ে পাঁচজন পর্যটকের ওপর বর্বরোচিত হামলা চালানোর অভিযোগে তারা দোষী সাব্যস্ত হয়েছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২৯ বছর বয়সী এক ভারতীয় নারী তার আমন্ত্রিত অতিথিদের নিয়ে খালের পাড়ে অবস্থান করছিলেন। সেই দলে ছিলেন দুইজন ভারতীয় পুরুষ, একজন আমেরিকান এবং একজন ২৭ বছর বয়সী ইসরায়েলি নারী। 

মোটরসাইকেলে আসা তিন হামলাকারী প্রথমে পথ জিজ্ঞেস করার ছলে তাদের কাছে আসে এবং পরবর্তীতে অর্থের দাবি শুরু করে। এক পর্যায়ে তারা দলের তিন পুরুষ সদস্যকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। এরপর তারা ভারতীয় ও ইসরায়েলি নারীকে আটকে রেখে পাশবিক নির্যাতন ও গণধর্ষণ করে। 

এই ঘটনায় খালে পড়ে যাওয়া ২৬ বছর বয়সী ভারতীয় যুবক ভিভাশ কুমার নায়ক প্রাণ হারান।হামলাকারীরা পর্যটকদের মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং প্রতিবেশী রাজ্য তামিলনাডু থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, এই অপরাধ অত্যন্ত জঘন্য এবং সমাজের জন্য চরম হুমকিস্বরূপ। পর্যটকদের ওপর এমন পাশবিক আক্রমণ দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। ফলে অপরাধীদের কোনো ধরনের অনুকম্পা না দেখিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।

ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্যমতে, দেশটিতে ২০২২ সালে প্রায় ৩১ হাজার ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। কর্ণাটকের এই মামলাটি দ্রুত বিচার শেষ করে রায় দেওয়ায় একে মাইলফলক হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। তবে নিম্ন আদালতের এই মৃত্যুদণ্ড কার্যকর করার আগে দেশটির উচ্চ আদালতের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে। টাইমস অব ইসরায়েলসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই রায়কে গুরুত্বের সাথে প্রচার করেছে।