রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

ঈদের দিনও ইরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর জোরালো হামলা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২১, ২০২৬, ১১:১৬ এএম

ঈদের দিনও ইরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর জোরালো হামলা

তেহরানে বিস্ফোরণের দৃশ্য

পবিত্র ঈদুল ফিতরের সকালেও ভয়াবহ বিমান হামলায় প্রকম্পিত হয়েছে ইরান। শনিবার ভোরে যখন মুসলিম উম্মাহ ঈদের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময়েই রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহরে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর জোরালো হামলার খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম আলজাজিরা ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে তেহরান ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে যা পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। 

বিশেষ করে তেহরান, শাহরাক-ই মহল্লাতি এবং কারাজ এলাকায় ইসরায়েলি ও আমেরিকান যুদ্ধবিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ সংস্থা মেহর।

তেহরানের পশ্চিমাঞ্চলীয় একবাতান জেলা এবং সিটি অলিম্পিক ভিলেজেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে জানা গেছে। পশ্চিম তেহরানে একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের ফলে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাজধানী ছাড়াও তেহরানের দক্ষিণে শাহর-ই রে এবং উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পার্বত্য এলাকায় যুদ্ধবিমানের গর্জন ও বিস্ফোরণ অনুভূত হয়েছে। 

তবে ঈদের এই ভোরে হওয়া আকস্মিক হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন বা কী পরিমাণ রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই হামলার প্রতিবাদে তেহরান জানিয়েছে তারা ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু অভিমুখে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করেছে।উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। 

এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল এবং পার্শ্ববর্তী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। চলমান এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে এবং আঞ্চলিক উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ঈদের দিন এমন অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় সাধারণ ইরানিদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং তেহরানের পক্ষ থেকে পরবর্তী কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।