এপ্রিল ৪, ২০২৬, ১১:১৩ এএম
ইরানের অভ্যন্তরে ঢুকে বড় ধরনের অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। দেশটিতে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারের লক্ষ্য নিয়ে এই ঝটিকা অভিযানে নেমেছে ওয়াশিংটন। দ্য টেলিগ্রাফ ও ইয়াহু নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার রাতে এই রুদ্ধশ্বাস অভিযান শুরু হয়।
অভিযানে মার্কিন বাহিনী দুটি সামরিক হেলিকপ্টার ও নিচু উচ্চতায় উড়ন্ত জ্বালানি সরবরাহকারী বিমান ব্যবহার করে। তবে ইরানি বাহিনীর গুলিতে উদ্ধারকারী হেলিকপ্টারগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পিছু হটে ইরাকের দিকে ফিরে যেতে বাধ্য হয়।
ঘটনার সূত্রপাত হয় যখন ইরান তাদের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। বিমানে থাকা দুই ক্রু সদস্য জরুরি অবস্থায় প্যারাশুটের সাহায্যে নিরাপদে বের হতে পারলেও তাদের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এরপরই মার্কিন কমান্ডোরা সরাসরি ইরানের মাটিতে প্রবেশ করে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানও ইরানি সেনাদের হামলার মুখে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ওই বিমানের পাইলট পারস্য উপসাগরের পানিতে ঝাঁপ দিতে বাধ্য হন, পরে তাকে উদ্ধার করা হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, বর্তমানে একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় জনের খোঁজ এখনো মেলেনি।
এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমগুলোতে নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযানের দৃশ্য প্রচার করা হচ্ছে। এমনকি তাকে ধরিয়ে দিতে পারলে বড় অঙ্কের পুরস্কারের ঘোষণাও দিয়েছে তেহরান। মার্কিন হেলিকপ্টারের কয়েকজন ক্রু সদস্য ইরানি বাহিনীর ছোট অস্ত্রের গুলিতে আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘাতের ৩৫তম দিনে এসে মার্কিন স্পেশাল ফোর্সের এই অনুপ্রবেশ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে। নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানের পাহাড়ি অঞ্চলে এখনো রুদ্ধশ্বাস তল্লাশি চালাচ্ছে ইরানি বাহিনী, অন্যদিকে পেন্টাগনও তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন