এপ্রিল ৫, ২০২৬, ১০:৩০ এএম
পাকিস্তানে চলমান জ্বালানি সংকট ও গণবিক্ষোভের মুখে এক অভূতপূর্ব ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাজধানী ইসলামাবাদসহ জনবহুল প্রদেশগুলোতে আগামী এক মাস সরকারি গণপরিবহনে সাধারণ মানুষ কোনো ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন। মূলত ইরানসংশ্লিষ্ট যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশটিতে চরম অস্থিরতা বিরাজ করছে যা নিয়ন্ত্রণে আনতেই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
গত শুক্রবার পাকিস্তান সরকার হঠাৎ করেই পেট্রোলের দাম ৪২ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে দেয়। এতে প্রতি লিটার পেট্রোলের দাম গিয়ে দাঁড়ায় ৪৮৫ রুপিতে। সরকারের এমন হঠকারী সিদ্ধান্তে সাথে সাথেই বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনগণ।
পাকিস্তানের বিভিন্ন শহরের রাস্তাঘাটে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ শুরু হয় এবং পেট্রোল পাম্পগুলোতে মানুষের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। জনরোষের এই তীব্রতা দেখে সরকার শেষ পর্যন্ত কিছুটা পিছু হঠতে বাধ্য হয়।
উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টেলিভিশনে দেওয়া ভাষণে বর্তমান সংকট ব্যাখ্যা করেন। তিনি তেলের ওপর শুল্ক কমিয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৭ রুপি কমিয়ে ৩৭৮ রুপি নির্ধারণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী জানান অন্তত এক মাস এই সহনীয় মূল্য বহাল থাকবে। জনগণের জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকার পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেবে বলেও তিনি নিজ ভাষণে দেশবাসীকে আশ্বস্ত করেন।
তবে পেট্রোলের দাম কিছুটা কমানো হলেও ডিজেলের ক্ষেত্রে কোনো ছাড় দেয়নি শাহবাজ সরকার। নতুন করে মূল্যবৃদ্ধির পর পাকিস্তানে প্রতি লিটার ডিজেলের দাম বর্তমানে দাঁড়িয়েছে ৫২০ রুপি যা আগের তুলনায় ৫৪ দশমিক ৯ শতাংশ বেশি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে পাকিস্তানের পরিবহন ও পণ্য সরবরাহ খাতে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত জ্বালানি বাজার স্থিতিশীল করতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন