মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১০, ২০২৬, ০৭:০৫ পিএম

হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন

নিখোঁজ মার্কিন ড্রোন ট্রাইটন

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর একটি অত্যন্ত ব্যয়বহুল ও অত্যাধুনিক নজরদারি ড্রোন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এমকিউ ৪সি ট্রাইটন মডেলের এই ড্রোনটির আনুমানিক মূল্য প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার টহল চলাকালীন হঠাৎ করেই ড্রোনটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর দেওয়া তথ্য মতে, শুক্রবার নিখোঁজ হওয়ার আগে ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির ওপর টানা প্রায় তিন ঘণ্টা নজরদারি চালায়। এরপর এটি ইতালির একটি নৌঘাঁটির দিকে ফিরে যাওয়ার সময় হঠাৎ করেই জরুরি ইন-ফ্লাইট সিগন্যাল বা ‘কোড ৭৭০০’ পাঠাতে শুরু করে। 

এরপর থেকেই এটি অত্যন্ত দ্রুতগতিতে উচ্চতা হারাতে থাকে এবং রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ট্র্যাকিং ডেটা পর্যালোচনা করে দেখা গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগ মুহূর্তে ড্রোনটি ইরানের আকাশসীমার দিকে সামান্য দিক পরিবর্তন করেছিল।

তবে মার্কিন এই ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে নাকি অন্য কোনো শক্তির মাধ্যমে ভূপাতিত করা হয়েছে, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই নিশ্চিত তথ্য মেলেনি। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাত্র দুই দিন আগেই একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। এমন স্পর্শকাতর সময়ে এই ধরনের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনার কালো মেঘ দেখা দিচ্ছে।

এমকিউ ৪সি ট্রাইটন মূলত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘ সময় আকাশে ওড়ার সক্ষমতা সম্পন্ন একটি মানববিহীন আকাশযান। এটি অত্যন্ত উচ্চ উচ্চতায় থেকে সমুদ্র নজরদারি এবং তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এর নিখোঁজ হওয়া মার্কিন সামরিক বাহিনীর জন্য যেমন বড় ধরনের আর্থিক ক্ষতি, তেমনি কৌশলগত দিক থেকেও এটি একটি বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে ড্রোনটির অবস্থান নিশ্চিত করতে এরই মধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু করার ইঙ্গিত পাওয়া গেছে।