শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ১১ জন

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ০৯:৫৬ এএম

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ১১ জন

আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের আকস্মিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার প্রদেশের এনজিল জেলার দেহ মেহরি গ্রামের কাছে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। 

প্রাদেশিক কর্মকর্তাদের দেওয়া প্রাথমিক তথ্যে চারজনের মৃত্যুর খবর জানানো হলেও পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও সাতজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে, অন্তত দুজন অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তি মোটরসাইকেলে করে এসে ওই পিকনিক স্পটে সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। সাধারণত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ওই এলাকাটিতে অনেক মানুষের সমাগম ছিল। 

স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, হামলার শিকার ব্যক্তিরা সেখানে একটি স্থানীয় মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া মুসলিমরা অতীতেও বিভিন্ন সময় এ ধরনের উগ্রবাদী হামলার লক্ষ্যবস্তু হয়েছে।হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ৩টার দিকে এই অতর্কিত হামলা চালানো হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেনি।

 তবে এই ঘটনার পর পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় শিয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।