এপ্রিল ১৪, ২০২৬, ১২:৩৫ পিএম
যুক্তরাষ্ট্রের আরোপিত কড়া নৌ অবরোধ আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারি উপেক্ষা করেই কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা মালিকানাধীন জাহাজ। ‘রিচ স্টারি’ নামের এই তেলবাহী ট্যাংকারটি মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে গত মঙ্গলবার সকালে এই চ্যালেঞ্জিং যাত্রা সম্পন্ন করেছে।
বৈশ্বিক ভূ-রাজনীতিতে এই ঘটনা নতুন করে উত্তাপ ছড়িয়েছে এবং মার্কিন অবরোধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।ব্লুমবার্গের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, এই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি চীনা প্রতিষ্ঠান পরিচালনা করছে।
এর আগে ২০২৩ সালে ইরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহযোগিতা করার অভিযোগে যুক্তরাষ্ট্র এই জাহাজটিকে কালো তালিকাভুক্ত করেছিল। জাহাজটি আগে ‘ফুল স্টার’ নামে পরিচিত ছিল এবং বর্তমানে এটি ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’-এর মালিকানাধীন।
সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে জাহাজটি গন্তব্যের দিকে রওনা দেয়।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সোমবার ট্রাম্প প্রশাসন নৌ অবরোধ কার্যকর করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এটি ছিল জাহাজটির দ্বিতীয় প্রচেষ্টা। শুরুতে জাহাজটি ইরানের কেশম দ্বীপের কাছে পৌঁছানোর পর মার্কিন নৌবাহিনীর উপস্থিতির আশঙ্কায় ফিরে গিয়েছিল।
তবে কয়েক ঘণ্টা পরেই চীনা মালিকানার তথ্য ও নিজেদের অবস্থান স্পষ্টভাবে প্রচার করে পুনরায় যাত্রা শুরু করে এবং শেষ পর্যন্ত সফলভাবে প্রণালি পার হয়। প্রতিরক্ষা বিশ্লেষকরা এই ঘটনাকে মার্কিন অবরোধ কার্যকরের সক্ষমতা ও বেইজিংয়ের সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত এই নৌ অবরোধের মূল লক্ষ্য ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করা। এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে শিপিং কোম্পানি এবং জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে ওমান উপসাগরে ‘এলপিস’ নামক আরও একটি ট্যাংকারের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যেটি আগে ইরানের একটি বন্দরে নোঙর করেছিল। হরমুজ প্রণালি ঘিরে এমন অস্থিরতায় এশীয় দেশগুলোর মধ্যে জ্বালানি নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন