এপ্রিল ১৮, ২০২৬, ১১:৫০ এএম
পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, এই ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহ হিন্দুকুশ পর্বতমালা এলাকা। আজ শনিবার দিনের বেলা এই কম্পন অনুভূত হয়।
তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহত কিংবা জানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।
এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই কম্পনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ছাড়াও পেশোয়ার এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কিছু অঞ্চল প্রবলভাবে কেঁপে ওঠে। এছাড়া সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান এবং চিত্রাল এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাওয়ালপিন্ডির বাসিন্দারাও এই ভূকম্পন অনুভব করেছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। দেশটি মূলত ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের শুরুর দিকেও ইসলামাবাদসহ পাঞ্জাব।
খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের কিছু অংশে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময়ও মুজাফফারাবাদ এবং স্কারদুসহ বিভিন্ন শহর প্রকম্পিত হয়েছিল। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও দেশটিতে ৫ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়। ঘন ঘন ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরনের উদ্বেগ বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন