এপ্রিল ১৮, ২০২৬, ০৭:৪২ পিএম
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। শনিবার এই প্রণালিটি অতিক্রম করার সময় অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর খবর পাওয়া গেছে। সমুদ্র নিরাপত্তা এবং শিপিং সংক্রান্ত তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
এই ঘটনার ফলে ওই অঞ্চলে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উদ্বেগ দেখা দিয়েছে।ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে।
ওমান উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি তেলের ট্যাংকার লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুটি গানবোট থেকে গুলি ছোঁড়া হয়। তবে প্রাথমিক তথ্যানুযায়ী, এই হামলায় ট্যাংকার বা এর ক্রু সদস্যদের কোনো শারীরিক ক্ষতি হয়নি এবং তারা বর্তমানে নিরাপদ রয়েছেন।
হামলার ফলে জাহাজের ওপর দীর্ঘমেয়াদী বা কাঠামোগত কী ধরনের প্রভাব পড়েছে, তা নিয়ে বর্তমানে আরও বিস্তারিত অনুসন্ধান চালানো হচ্ছে।এই ঘটনার প্রেক্ষাপট বেশ নাটকীয় এবং অনিশ্চয়তায় ঘেরা। মাত্র একদিন আগেই শুক্রবার ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য ‘উন্মুক্ত’ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু শনিবার সকাল থেকেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে এবং আইআরজিসি আবারও এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। একই সাথে তারা জাহাজ চলাচলের ওপর কিছু কঠোর ও নতুন শর্তারোপ করে। এই অনিশ্চিত এবং থমথমে পরিস্থিতির মধ্যেই গানবোট থেকে গুলিবর্ষণের খবরটি সামনে এল।
সংশ্লিষ্ট সামরিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এমন পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। বিশেষ করে আইআরজিসির এমন সরাসরি ও মারমুখী অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, হরমুজ প্রণালিতে খুব সহজে স্থিতিশীলতা ফিরছে না। বর্তমানে ওই এলাকার সমুদ্রসীমায় কড়া নজরদারি চালাচ্ছে বিভিন্ন দেশের নৌবাহিনী, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো বড় ধরনের সংঘাত এড়ানো যায়। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো তাদের জাহাজগুলোকে এই রুট ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন