এপ্রিল ১৯, ২০২৬, ১০:০০ এএম
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালিতে উত্তেজনা নতুন করে চরম আকার ধারণ করেছে। ইরানের সামুদ্রিক বাণিজ্য ও জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতে ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনী তাদের টহল জোরদার করেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম)।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ওপর আরোপিত অবরোধ কার্যকর রাখতেই আঞ্চলিক জলসীমায় এই বিশেষ নৌ-অভিযান চালানো হচ্ছে।
এই অভিযানের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস পিনকনি (ডিডিজি-৯১) বর্তমানে রণক্ষেত্রে মোতায়েন রয়েছে। সেন্টকমের দাবি অনুযায়ী, ইরানের কোনো বন্দরে যাতে বাণিজ্যিক জাহাজ প্রবেশ করতে না পারে অথবা সেখান থেকে বের হতে না পারে, তা নিশ্চিত করতেই এই যুদ্ধজাহাজটি কাজ করছে।
মার্কিন নৌবাহিনীর কঠোর অবস্থানের কারণে ইতোমধ্যে বেশ কিছু বাণিজ্যিক জাহাজ তাদের নির্ধারিত পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে অনেক জাহাজই এখন হরমুজ প্রণালি এড়িয়ে চলার চেষ্টা করছে।অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। বিদ্যমান যুদ্ধবিরতি সত্ত্বেও মার্কিন অবরোধ প্রত্যাখ্যান করে ইরান আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
ফলে ওই অঞ্চলে সামরিক সংঘাতের আশঙ্কা বহুগুণ বেড়ে গেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর আঘাত আসলে তারা কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।শাফাক নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোকে একদিকে যেমন মার্কিন নৌবাহিনী বাধা দিচ্ছে, অন্যদিকে কিছু ক্ষেত্রে গুলিবর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে।
দুই শক্তির এই মুখোমুখি অবস্থানে বিশ্ব তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কূটনৈতিক তৎপরতা চললেও মাঠ পর্যায়ের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল ও সংঘাতময়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালির এই সংকট দ্রুত সমাধান না হলে তা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় বিপর্যয় ডেকে আনতে পারে। বর্তমানে পুরো বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পারস্য উপসাগরের এই উত্তপ্ত পরিস্থিতি।
সূত্র : শাফাক নিউজ


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন