মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে সহায়তার কথা জানাল চীন

আন্তর্জাতিক ডেস্ক

মে ৯, ২০২৬, ১০:০৫ এএম

ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে সহায়তার কথা জানাল চীন

ভারত ও পাকিস্তানের মধ্যকার গত বছরের সামরিক সংঘাতে পাকিস্তান বিমানবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই তথ্য উঠে এসেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে ঝ্যাং হেং নামে এক চীনা প্রকৌশলীর বরাতে এই খবর জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘চেংদু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’-এর প্রকৌশলী ঝ্যাং হেং সাক্ষাৎকারে জানান, সংঘাতের সময় তারা পাকিস্তানকে কারিগরি সহায়তা দিয়েছিলেন। সিসিটিভির ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংঘাত চলাকালে চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান ভারতের একটি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছিল।

পাকিস্তান বিমানবাহিনীর বহরে থাকা এই জে-১০সিই যুদ্ধবিমানগুলো মূলত চীনের রাষ্ট্রীয় এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান তৈরি করেছে। 

ঝ্যাং হেং জানান, যুদ্ধের সময় তারা নিয়মিত যুদ্ধবিমানের গর্জন ও হামলার সতর্ক সংকেত শুনতেন। চরম প্রতিকূল পরিবেশ ও তীব্র গরমের মধ্যেও পাকিস্তান বিমানবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে তাদের নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হয়েছে।চীনা এই প্রকৌশলীর মতে, যুদ্ধ সরঞ্জামগুলো যেন তাদের পূর্ণ সক্ষমতায় পরিচালিত হতে পারে, সেই লক্ষ্যেই তারা কাজ করেছিলেন। তিনি এই বিষয়টিকে শুধু জে-১০সিই যুদ্ধবিমানের সক্ষমতার স্বীকৃতি নয়, বরং চীন ও পাকিস্তানের যৌথ কৌশলগত সম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত বছরের ২২ এপ্রিল পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ৭ মে ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। চার দিন ধরে চলা ওই সংঘাত শেষে শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

এর আগে ভারতের সেনাবাহিনীর উপপ্রধান অভিযোগ করেছিলেন যে, সংঘাত চলাকালে চীন পাকিস্তানকে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান সম্পর্কে তাৎক্ষণিক তথ্য ও গোয়েন্দা সংবাদ সরবরাহ করেছিল। যদিও বেইজিং সেই সময় আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স আগে জানিয়েছিল যে, পাকিস্তানের জে-১০ যুদ্ধবিমান অন্তত একটি ভারতীয় রাফাল বিমান ভূপাতিত করেছিল। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এখন সেই একই দাবি পুনরুল্লেখ করা হলো যা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, দুই দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই স্বীকারোক্তিকে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বড় একটি সংকেত হিসেবে দেখছেন।