মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

মে ১১, ২০২৬, ০৮:১৬ পিএম

আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত

ভারতের সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

ভারত সফলভাবে ‍‍`অগ্নি‍‍` সিরিজের একটি উন্নত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড যৌথভাবে এই পরীক্ষাটি পরিচালনা করে। গত ৮ মে ওড়িশা উপকূলের ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।

প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রটি এমআইআরভি (মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল) প্রযুক্তি সম্পন্ন। এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে একটিমাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভিন্ন ভিন্ন ভৌগোলিক অবস্থানে থাকা একাধিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানা সম্ভব। উৎক্ষেপণের পর ভূমি এবং সমুদ্রের বিভিন্ন স্টেশন থেকে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়।

ফ্লাইটের ট্র্যাকিং ডাটা বিশ্লেষণ করে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, পরীক্ষার সমস্ত উদ্দেশ্য সফলভাবে অর্জিত হয়েছে। এমআইআরভি প্রযুক্তিটি যেকোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা কঠিন বলে মনে করা হয়। কারণ এই ক্ষেপণাস্ত্র থেকে নির্গত প্রতিটি বিস্ফোরক আলাদা আলাদাভাবে নিজস্ব গতিপথ অনুসরণ করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়।

ডিআরডিও আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট নাম ঘোষণা করেনি। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি অগ্নি-৫ সিরিজের একটি উন্নত সংস্করণ হতে পারে। আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নের অংশ হিসেবে এই পরীক্ষাকে দেখা হচ্ছে। উল্লেখ্য, আইসিবিএম হলো এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা ৫৫০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারত মহাসাগরীয় অঞ্চলের নির্ধারিত বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে আঘাত হেনেছে বলে সরকারি তথ্যে জানানো হয়েছে।