মে ১৪, ২০২৬, ০৯:৪৮ পিএম
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সকালবেলার সমাবেশে বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই নির্দেশনার বাস্তবায়নের প্রমাণস্বরূপ পুরো কার্যক্রম ভিডিও রেকর্ড করে রাখতে বলা হয়েছে।
রাজ্যটির স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা এক অফিশিয়াল চিঠির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন স্কুল শুরুর আগে সকল শিক্ষার্থীকে সকালের সমাবেশে অংশ নিয়ে জাতীয় এই গানটি গাইতে হবে। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবার থেকে রাজ্যের সব স্কুলে সকালের সমাবেশের প্রার্থনা হিসেবে ‘বন্দে মাতরম’ গানটি চালু করা হবে এবং এটি সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
শিক্ষা দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, গত ওয়ান ডে আগে অর্থাৎ ১৩ মে জারি করা চিঠি অনুযায়ী স্কুল প্রধানদের এই নির্দেশ দেওয়া হয়েছে যাতে দৈনিক সমাবেশে সকল শিক্ষার্থী এই গানে অংশ নেয়। বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রমাণ রাখার জন্য সমাবেশের পুরো কার্যক্রম ভিডিও রেকর্ড করার কথাও চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।এর আগে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সাধারণত শুধু জাতীয় সংগীত ‘জন গণ মন’ গাওয়া হতো।
পরবর্তীতে রাজ্য সরকার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রচিত ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিও স্কুলগুলোতে অন্তর্ভুক্ত করেছিল। সরকারের নতুন এই নির্দেশনার ফলে সকালের সীমিত সময়ের মধ্যে জাতীয় সংগীত ও জাতীয় গান কীভাবে সমাবেশে প্রতিদিন অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে শিক্ষক মহলে বিভিন্ন প্রশ্ন উঠেছে।উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশু জবাইয়ের ক্ষেত্রেও নতুন ও কঠোর বিধিনিষেধ জারি করেছে। এর মাধ্যমে রাজ্যটিতে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন