মে ২০, ২০২৬, ০৯:৩৮ এএম
দ্রুত কোনো সমঝোতা না হলে আগামী কয়েক দিনের মধ্যেই তেহরানের ওপর বড় ধরনের আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।নতুন এই হামলার নির্দেশ দেওয়ার মাত্র এক ঘণ্টা আগে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব আসায় আপাতত সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। দুই থেকে তিন দিন, অর্থাৎ শুক্র বা রোববারের মধ্যে একটি চূড়ান্ত ফয়সালায় পৌঁছাতে চায় ওয়াশিংটন। ইরানকে নতুন করে পারমাণবিক অস্ত্র বানানোর কোনো সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের এই হুমকির বিপরীতে চরম কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমিনিয়া জানিয়েছেন, নতুন করে কোনো আক্রমণ হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি ফ্রন্ট খোলা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার কথাও জোর দিয়ে জানিয়েছে তারা।
সংঘাতের জেরে ওই প্রণালিতে এরই মধ্যে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।বিশ্ববাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী। এতে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দুই পক্ষই যুদ্ধ এড়াতে চাইলেও কেউই রাজনৈতিক ছাড় দিতে রাজি নয়।ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে।
এছাড়া তেহরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও ক্ষতিপূরণের দাবিও রয়েছে সেখানে।ট্রাম্প আগেই এমন প্রস্তাবকে স্রেফ আবর্জনা বলে উড়িয়ে দিয়েছিলেন।এদিকে সংঘাত শুরুর পর থেকে ইরানে রাজনৈতিক বন্দি হিসেবে অভিযুক্ত অন্তত ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সময়ে আরও হাজারো মানুষকে গ্রেপ্তারের খবর জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন