মে ২০, ২০২৬, ১১:৪৩ এএম
তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সায়নী ঘোষের মাথার দাম এক কোটি টাকা ঘোষণা করার অভিযোগ উঠেছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের সিকান্দ্রাবাদের পৌর চেয়ারম্যান ও বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত এই ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। একটি ভিডিওতে তাকে সায়নীর মাথা কেটে আনার বিনিময়ে এই পুরস্কারের কথা বলতে দেখা যায়।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের এই নেত্রী।শিবলিঙ্গ নিয়ে পুরোনো একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে এই বিতর্কের সূত্রপাত। ভিডিওটি প্রকাশ্যে আসার পর এক্সে দেওয়া এক পোস্টে বিস্ময় প্রকাশ করেন তিনি।
সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে ট্যাগ করেছেন। সরকারের নারী শক্তি বন্দন ধারণাটি আসলে এমন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।প্রকাশ্য খুনের হুমকির অভিযোগ এনেছেন সায়নী।
নারী নিরাপত্তা নিয়ে সরব থাকা একটি দলের নেতার এমন মন্তব্যের পর তিনি কলকাতা ও উত্তর প্রদেশ পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন। বিতর্কিত ওই পোস্টটি মূলত ২০১৫ সালের। সে সময় হিন্দু সংগঠনগুলো অভিযোগ তুললে সায়নী দাবি করেছিলেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
গত রোববার সিকান্দ্রাবাদে এ নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচিও হয়। বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত হত্যার হুমকির বিষয়টি অস্বীকার করে ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন।
তথ্যসূত্র: এনডিটিভি


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন