মে ২১, ২০২৬, ০৪:৪৫ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক জরুরি বৈঠক আহ্বান করেছেন। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ভারতের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং নাগরিক পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
নরেন্দ্র মোদির সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে মন্ত্রিসভার সকল সদস্য ও প্রতিমন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।সরকারি সূত্রে জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি এবং ভবিষ্যতের নীতিনির্ধারণী পরিকল্পনা নিয়ে এই বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করা হবে।
পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের কারণে ভারতের জ্বালানি সরবরাহ, কৃষি, লজিস্টিকস এবং বিমান ও নৌ পরিবহণ খাতে সম্ভাব্য প্রভাবের বিষয়টি বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রী বিশেষ দিকনির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া পুদুচেরিতে এনডিএ সরকারের নতুন যাত্রা এবং সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যসহ রাজনৈতিক সমীকরণগুলোও আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে জোর গুঞ্জন চলায় এই বৈঠক ঘিরে ভারতের রাজনৈতিক মহলে বাড়তি কৌতূহল সৃষ্টি হয়েছে।
বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও প্রশাসনিক সংস্কারের ওপরও বৈঠকে জোর দেওয়া হবে। মোদির এই জরুরি বৈঠক আগামী দিনে ভারতের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তনের ইঙ্গিত কি না, তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে নানা বিশ্লেষণ চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন