বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইতালিতে নিজেকে ‘চা-ওয়ালা’ বলে পরিচয় দিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

মে ২১, ২০২৬, ০৬:২০ পিএম

ইতালিতে নিজেকে ‘চা-ওয়ালা’ বলে পরিচয় দিলেন নরেন্দ্র মোদি

মোদি ও এফএও

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেকে ‘চা-ওয়ালা’ হিসেবে পরিচয় দিয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, “আগামীকাল আপনারা চা দিবস উদযাপন করবেন, তাই তার এক দিন আগেই একজন ‘চা-ওয়ালা’ আপনাদের মাঝে চলে এসেছে।

ভারতের চায়ের শক্তি ও বৈচিত্র্য নিয়ে তার এই ঘরোয়া বয়ান উপস্থিত সবার মধ্যে হাস্যরসের সৃষ্টি করে এবং অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।সফরকালে এফএও মোদিকে মর্যাদাপূর্ণ ‘অ্যাগ্রিকোলা মেডেল’ প্রদান করে।

এই সম্মাননা গ্রহণ করে মোদি জানান, এটি কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের কোটি কোটি কৃষক, জেলে, পশুপালক ও শ্রমজীবী মানুষের প্রতি সম্মান। তিনি খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রতি ভারতের অবিচল অঙ্গীকারের ওপর আলোকপাত করেন। 

১৫ মে থেকে শুরু হওয়া পাঁচ দেশের সফরের অংশ হিসেবে তিনি সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ে সফর শেষে ইতালিতে পৌঁছান।সফরকালে জ্বালানি, প্রতিরক্ষা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সংক্রান্ত একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এছাড়া সুইডেন ও নরওয়ের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণের মধ্য দিয়ে মোদির এই সফর কূটনৈতিকভাবে অত্যন্ত সফল বলে বিবেচিত হচ্ছে। নিজের অতীত পরিচয় নিয়ে প্রধানমন্ত্রীর এই খোলামেলা আলোচনা বিশ্বনেতাদের মাঝে তার সাধারণ মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।