জুন ২৪, ২০২৬, ১০:১৪ পিএম
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এ লক্ষ্যে একটি নতুন বিধিমালা তৈরি করেছে, যেখানে দীর্ঘদিনের প্রচলিত নিয়ম বাতিল করে নির্দিষ্ট মেয়াদের অবস্থানের নিয়ম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।নতুন এই নিয়ম কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থানের সর্বোচ্চ মেয়াদ হতে পারে চার বছর।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে যে এই নতুন নিয়ম এফ-১ শিক্ষার্থী ভিসা এবং জে-১ এক্সচেঞ্জ ভিজিটর ভিসাসহ অন্যান্য কিছু ভিসা শ্রেণির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বর্তমানে কার্যকর নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমে নিবন্ধিত থাকা সাপেক্ষে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে পারেন। এর ফলে তারা প্রয়োজন অনুযায়ী কোর্সের সময় বাড়ানো, বিশ্ববিদ্যালয় পরিবর্তন, বিষয় বদল কিংবা ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করার সুযোগ পেয়ে থাকেন।
তবে নতুন প্রস্তাবটি চূড়ান্তভাবে পাস হলে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়ের অনুমোদিত অবস্থান নির্ধারণ করে দেওয়া হবে। ফলে চার বছরের বেশি সময়ের কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেখানে বৈধভাবে থাকতে হলে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার কাছ থেকে বিশেষ অনুমোদন নিতে হবে। এই সিদ্ধান্তের কারণে দীর্ঘমেয়াদি গবেষণা ও ডক্টরাল শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইউনিভার্সিটিজ এবং আমেরিকান কাউন্সিল অন এডুকেশনসহ বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। অবশ্য চূড়ান্ত বিধিমালা প্রকাশ ও কার্যকর না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা আগের নিয়মেই যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন