জুলাই ৯, ২০২৬, ০৯:৪৩ পিএম
যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তেহরান চুপ করে থাকবে না, বরং সরাসরি পাল্টা আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালি কেবল ইরানি ব্যবস্থাপনার মাধ্যমেই উন্মুক্ত থাকবে, মার্কিন কোনো হুমকিতে নয়। বৃহস্পতিবার তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে গালিবাফ লিখেছেন, ওয়াশিংটন এখনো বুঝতে পারেনি যে তাদের দাদাগিরি ও চুক্তি ভঙ্গের নীতি আর জবাবহীন থাকবে না।
মার্কিন হুমকিকে পাত্তা না দিয়ে ইরানি স্পিকার সরাসরি বলেন, আঘাত করলে পাল্টা আঘাত পাবেন। অযথা উসকানি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, অন্যথায় যুক্তরাষ্ট্রকে আরও গভীর সংকটে নিমজ্জিত হতে হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এই সমুদ্রপথ কেবল ইরানের ব্যবস্থাপনার অধীনেই উন্মুক্ত থাকবে। এতে যুক্তরাষ্ট্রের হুমকি কোনো প্রভাব ফেলবে না।
এদিকে জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইআরজিসি বিবৃতিতে আরও জানায়, হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হবে। তারা কঠোর ভাষায় সতর্ক করে বলেছে, সন্ত্রাসী আমেরিকান সেনাবাহিনী যদি আবারও আগ্রাসন চালায়, তবে এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর কোনোটিই নিরাপদ থাকবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন