জুলাই ২২, ২০২৬, ১২:৪৯ পিএম
ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে শতাধিক আহত হয়েছেন।সোমবারের এই কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থাই গুরুতর।
নারী শিক্ষার্থীদের পোশাক ছিঁড়ে ফেলা এবং পেরেকযুক্ত লাঠি দিয়ে পেটানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জুতো ও পাথর ছুড়েছে বলেও দাবি আন্দোলনকারীদের। পুরুষ পুলিশ সদস্যরা নারীদের মারধর করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।পরিস্থিতি এখন থমথমে।
ঘটনার প্রতিবাদে দিল্লি পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়েছে ছাত্র সংগঠন আইসা এবং ককরোচ জনতা পার্টি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের মতে, দেশটিতে এখন স্বৈরতান্ত্রিক শাসন চলছে। তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার আহ্বান জানান। তাদের প্রধান লক্ষ্য এখন টানা ২৪ দিন ধরে অনশনে থাকা সোনম ওয়াংচুকের প্রাণ বাঁচানো।
মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে নিট কেলেঙ্কারি নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার বক্তব্যে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। সঠিক জবাব না পাওয়া পর্যন্ত তারা পিছপা হবেন না বলে জানিয়েছেন।কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, প্রশ্নফাঁসের চক্রে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর সাজা দেওয়া হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন