জুলাই ২৩, ২০২৬, ১১:২০ এএম
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে প্রতিবাদ ও বিক্ষোভ দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। ককরোচ জনতা পার্টির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ দাবি করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে।
রাজধানীজুড়ে চলমান এই ছাত্র অসন্তোষের জেরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।বিক্ষোভের মধ্যেই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।বৃহস্পতিবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান যে এই অনিয়মের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর ও দায়িত্বশীল কর্মকর্তাদের এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে বার্তাটিতে স্পষ্ট করা হয়েছে। দেশজুড়ে শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থ এবং মেধার সুরক্ষা নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক ও যুগপৎ উদ্যোগের অংশ হিসেবেই এই আইনি পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে। যন্তর মন্তরের আন্দোলনরত শিক্ষার্থীরা অবশ্য সরকারের এই প্রতিশ্রুতির পরও তাদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনমনীয় অবস্থান ধরে রেখেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন