আগস্ট ১৪, ২০২৬, ০৫:২০ পিএম
সিন্ধু নদের পানিবণ্টন চুক্তির আওতাভুক্ত প্রতিটি ফোঁটা পানি পাকিস্তানের জন্য `রেড লাইন` বা চূড়ান্ত সীমানা হিসেবে চিহ্নিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, শান্তি বজায় রাখা পাকিস্তানের অন্যতম লক্ষ্য হলেও দেশের সার্বভৌমত্ব কিংবা প্রতিরক্ষায় আঘাত এলে তার সমুচিত জবাব দিতে পাকিস্তান প্রস্তুত।
বৃহস্পতিবার রাতে স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির প্রাক্কালে ইসলামাবাদে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।শান্তির আকাঙ্ক্ষাকে পাকিস্তান সরকারের দুর্বলতা হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন তিনি।শাহবাজ শরিফ জোর দিয়ে বলেন, এই অঞ্চলে পাকিস্তান সবসময় শান্তির জামিনদার হিসেবে ভূমিকা পালন করে আসছে।
তবে প্রতিবেশীদের দিক থেকে সার্বভৌমত্ব ও প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করা হলে গত বছরের মে মাসের সংঘাতের চেয়েও ভয়াবহ প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দেন তিনি। গত বছরের মে মাসে দিল্লি একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা পরাজয় ঢাকার কৌশল ছিল বলে তিনি দাবি করেন।
সিন্ধু পানি চুক্তির যেকোনো ধরনের লঙ্ঘন কিংবা পানির হিস্যা স্থগিতের চেষ্টাকে তিনি সরাসরি যুদ্ধের উসকানি হিসেবে উল্লেখ করেন।ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল ও মর্যাদা রক্ষায় পাকিস্তান তার অবস্থানে অটল থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন