সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:৩৭ এএম
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিউইয়র্কে অনুষ্ঠিত এই প্রথম আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা ও পর্যটনসহ বহুমুখী খাতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দুই নেতা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দুই পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেছে। সম্পর্ক আরও গভীর করার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শাহবাজ শরিফ।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। বৈঠকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাশাপাশি বৈশ্বিক এই সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে বাংলাদেশের নেওয়া সব ইতিবাচক উদ্যোগে পাকিস্তানের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
পাকিস্তানের আহ্বানে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তারেক রহমানও। তিনি দুই দেশের সম্পর্কের বর্তমান ইতিবাচক গতিপ্রবাহে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আরও শক্তিশালী করতে নিজ সরকারের আগ্রহের কথা তুলে ধরেন তিনি। বৈঠকে দুই নেতা বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি, সরাসরি যোগাযোগ স্থাপন, শিক্ষা বিনিময়, পর্যটন উন্নয়ন এবং দুই দেশের সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন।
বহুপক্ষীয় ফোরামে যৌথ সমন্বয় অব্যাহত থাকবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির নানা দিক নিয়ে মতবিনিময়কালে দুই প্রধানমন্ত্রী জাতিসংঘসহ বিভিন্ন বৈশ্বিক ও বহুপক্ষীয় মঞ্চে পারস্পরিক সমন্বয় রক্ষার গুরুত্ব তুলে ধরেন। পারস্পরিক শ্রদ্ধা, সুদৃঢ় বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে উভয় দেশের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে তারা ঐকমত্য প্রকাশ করেন।
তথ্যসূত্র: আনাদোলু

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন