শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,
নোবেল পুরস্কার

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লে

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৯, ২০২৬, ০৫:০৮ পিএম

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লে

ছবি :সংগ্রহীত

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা ও শান্তি প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া নাভানেথেম ‘নাভি’ পিল্লে। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

৮৫ বছর বয়সী নাভি পিল্লে জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান এবং আন্তর্জাতিক বিচার আদালতের সাবেক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেস ঘোষণা অনুষ্ঠানে জানান, শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদী সংগ্রামের জন্যই পিল্লেকে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম মনোনীত করা হয়েছিল। এর মধ্যে এক-চতুর্থাংশের কিছু বেশি ছিল বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বিশেষজ্ঞদের মতে, নোবেল কমিটি সাধারণত দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক ভ্রাতৃত্বের প্রসার এবং এসব লক্ষ্য অর্জনে সহায়ক প্রতিষ্ঠানগুলোর নীরব ও ধারাবাহিক অবদানের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকে।

উল্লেখ্য, গত বছর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গণতান্ত্রিক উত্তরণ প্রতিষ্ঠার সংগ্রামে অসাধারণ অবদানের জন্য দেশটির বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে এ বছরের চিকিৎসা, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিভাগে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আর বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন কানাডার বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন। ধ্রুপদি ও সাহিত্যের আধুনিক ধারার মেলবন্ধন এবং কবিতা ও গদ্যের প্রচলিত সীমানা ভেঙে ফেলার সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।

চলতি বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি ৭৫ লাখ থেকে ১৪ কোটি ৮০ লাখ টাকা। একক ব্যক্তি, একাধিক পুরস্কারজয়ী বা কোনো প্রতিষ্ঠান—সবার ক্ষেত্রেই পুরস্কারের অর্থের পরিমাণ একই থাকে।

উল্লেখ্য, ২০২৬ সালে নোবেল শান্তি পুরস্কার প্রদানের ১২৫ বছর পূর্ণ হচ্ছে। ১৯০১ সালে এই পুরস্কার চালুর পর থেকে এখন পর্যন্ত মোট ১১২ জন ব্যক্তি ও ২৮টি প্রতিষ্ঠান এই সম্মাননা লাভ করেছে। এর মধ্যে রেডক্রস তিনবার এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা দুবার নোবেল শান্তি পুরস্কার অর্জনের গৌরব অর্জন করেছে।