সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:০৩ এএম
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থান করা এক লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে সতর্কবার্তা পাঠিয়েছে দেশটির সরকার। এই শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে সরাসরি জানানো হয়েছে, তারা যেন দ্রুত যুক্তরাজ্য ত্যাগ করে। অন্যথায় তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হবে। এই পদক্ষেপকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কঠোর বার্তা হিসেবে দেখছে বিশ্লেষকরা।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বৈধ শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে আসা অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করছেন। এমন আবেদন ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো সরাসরি শিক্ষার্থীদের কাছে মোবাইল টেক্সট এবং ই-মেইলের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে এই বার্তা পাঠানো হয়েছে, যাদের ভিসার মেয়াদ দ্রুত শেষ হতে চলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত এক বছরে আশ্রয় আবেদনকারীদের প্রায় ১৩ শতাংশই ছিলেন শিক্ষার্থী ভিসাধারী। এর মধ্যে পাকিস্তানি শিক্ষার্থীদের সংখ্যা ছিল সর্বোচ্চ (৫,৭০০ জন), এরপর রয়েছে ভারত, বাংলাদেশ ও নাইজেরিয়ার শিক্ষার্থীরা।
যদিও গত বছরের তুলনায় শিক্ষার্থী ভিসাধারীদের আশ্রয় আবেদন কিছুটা কমেছে, তবে ২০২০ সালের তুলনায় এটি ছয় গুণ বেশি। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এখনো স্পষ্ট করে জানায়নি— কতজন শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করে আশ্রয় চেয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন