এপ্রিল ১৪, ২০২৬, ০৫:০১ পিএম
পল্টন থানার বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে ৫ম দফায় ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৪ এপ্রিল) শুনানি শেষে আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের শুনানি শেষে তা গ্রহণ করেন।
গত ২৯ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে বরখাস্তকৃত এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেলোয়ার হোসেন নিহতের মামলায় ৩০ মার্চ তাকে প্রথম দফায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজ পঞ্চমবারের মতো তাকে আবারও রিমান্ডে নেওয়া হলো।আফজাল নাছেরের ব্যক্তিগত ও পেশাগত পরিচিতি থেকে জানা যায়, তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। ওয়ান-ইলেভেনের উত্তাল সময়ে তিনি ডিজিএফআইয়ের অ্যান্টি-টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন এবং ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত সংস্থাটির গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।
ওই সময়ে তিনি ডিজিএফআইয়ের প্রভাবশালী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।উল্লেখ্য যে, ওয়ান-ইলেভেন সরকারের সময় ডিজিএফআইয়ের এই প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের ওপর ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। বিশেষ করে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের রিমান্ড ও জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের বর্ণনায় বারবার আফজাল নাছেরের নাম উঠে এসেছে।
এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে হেনস্তা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভিডিও ধারণ এবং ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপর নির্যাতনের অভিযোগেও তিনি অভিযুক্ত। মকবুল হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন কোনো নেপথ্য তথ্য বেরিয়ে আসে কিনা, এখন সেটিই দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন