এপ্রিল ২৯, ২০২৬, ০৫:০৪ পিএম
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুই দিনের রিমান্ড শেষে বুধবার আসামি আফজাল নাছেরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে এই একই মামলায় গত ২৩ এপ্রিল চার দিন এবং ২৭ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন থানার পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নিয়েছিলেন।
বিকেল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে আন্দোলনকারীরা পৌঁছালে অজ্ঞাতনামা আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলি বর্ষণ করেন। এ সময় গুলবিদ্ধ হয়ে মাহমুদুল হাসান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মামা বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই সাবেক এই সেনা কর্মকর্তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন