জুলাই ২, ২০২৬, ০৫:৩৩ পিএম
রাজধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে শুনানি শেষে বিচারক এ নির্দেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৫ জুন রাতে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পর্যায়ক্রমে দুই দফায় তাকে মোট ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।পুলিশের দায়ের করা এই মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুন মিরপুর এক নম্বরের বাটা শোরুম সংলগ্ন রাস্তায় সরকারবিরোধী মিছিল করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যানার ও ফেস্টুন ফেলে পালিয়ে যান। পরবর্তীকালে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশের দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানো হয়।বর্তমানে আশিকা সুলতানা আদালতের আদেশে কারাগারের হেফাজতে রয়েছেন। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন