রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০২:৪৩ পিএম

দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান গত ১ জুলাই রাশেদ খান মেননকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন। এদিন সকালে তাকে আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

২০২৪ সালের ২২ আগস্ট ওয়ার্কার্স পার্টির সভাপতি মেননকে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় তিনি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরবর্তীতে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। জুলাই গণঅভ্যুত্থান দমনে একাধিক হত্যার মামলায় তিনি আসামি হিসেবে কারাগারে রয়েছেন। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার বিচার প্রক্রিয়া চলমান।

গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুদক। মামলার অভিযোগে বলা হয়েছে, অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগ দেওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও স্কুলটিতে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়।

দুদকের মামলায় আরও বলা হয়, নিয়োগ বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বা তার প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। এছাড়া বিজ্ঞাপনে চাহিত এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এমনকি লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি এবং পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়েছে।

এই মামলায় রাশেদ খান মেনন ছাড়াও স্কুলটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সদস্য সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্স কর্নেল আলমগীর হোসেন, গভর্নিং বডির সাবেক সদস্যসহ মোট ২০ জনকে আসামি করা হয়েছে।