বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
ভূমিকম্পের ঝুঁকি

৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৫:২৩ পিএম

৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

ভূমিকম্পের ঝুঁকির কথা চিন্তা করে সারা দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ এবং সাইসমিক সার্ভে ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার। রোববার এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তবে এই সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ডিজিএম তরিকুল ইসলাম জানান, রোববার জ্বালানি মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশের গ্যাসক্ষেত্রগুলোর গ্যাসকূপে আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫ নভেম্বর পর্যন্ত খনন কাজ ও সাইসমিক সার্ভে বন্ধ থাকবে।

রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে দেশের তিনটি গ্যাসক্ষেত্রের গ্যাসকূপে খনন কাজ চলমান ছিল। ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবেই এসব স্থানে খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

যেসব গ্যাসকূপের খনন কাজ বন্ধের কথা জানা গিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবস্থিত শ্রীকাইল গ্যাসফিল্ড।

হবিগঞ্জ গ্যাসফিল্ড।

সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন কৈলাশটিলা গ্যাসকূপ।

দেশে বর্তমানে মোট ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ভূমিকম্পের ক্ষয়ক্ষতির হাত থেকে সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে।