সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

চীনা চিকিৎসক দলের ঢাকায় আসার সময় পেছালো

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ১১:০২ পিএম

চীনা চিকিৎসক দলের ঢাকায় আসার সময় পেছালো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি নতুন দলের আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে দলটির ঢাকায় আসার সময় একদিন পিছিয়ে গেছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন যে চীনা বিশেষজ্ঞ দলটি আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে।

প্রায় একই সময়ে যুক্তরাজ্যের একটি মেডিকেল টিমও ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। যদিও চীনা বিশেষজ্ঞ দলের সফর পেছানোর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি।

এর আগে, গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিদেশি চিকিৎসকদের আরেকটি দল ঢাকায় পৌঁছায় এবং তারা হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেন।বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও অপরিবর্তিত রয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তিনি চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়।

এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভর্তির পরই তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হতে শুরু করে। দীর্ঘদিন ধরে সাবেক এই জাতীয় নেত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। জাতীয় রাজনীতিতে প্রভাবশালী এই নেত্রীর চিকিৎসা এবং শারীরিক অবস্থা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ বিরাজ করছে।