মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

পবিত্র শবেমেরাজ কবে, জানা গেল তারিখ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৪৩ এএম

পবিত্র শবেমেরাজ কবে, জানা গেল তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাস গণনা শুরু হচ্ছে। সেই হিসেবে আগামী ২৬ রজব অর্থাৎ ১৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবেমেরাজ উদযাপিত হবে।

রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।ধর্ম উপদেষ্টা জানান, দেশের সকল জেলা প্রশাসন।

 ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। এ কারণে সোমবার থেকে রজব মাস গণনা শুরু হচ্ছে এবং ১৬ জানুয়ারি পবিত্র শবেমেরাজ পালিত হবে।

শবেমেরাজ উপলক্ষে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকে এবং সরকারি প্রতিষ্ঠানে ঐচ্ছিক ছুটি থাকে। তবে এবারের শবেমেরাজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে পড়েছে। মুসলমানদের ধর্মবিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহান আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন, যা ইসলামের ইতিহাসে এক বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল ইবাদত-বন্দেগি ও নফল রোজার মধ্য দিয়ে অতিবাহিত করেন।