মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

নির্বাচনের আগে হাদি হত্যার বিচার করতে হবে: ইনকিলাব মঞ্চ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ১২:৪৬ পিএম

নির্বাচনের আগে হাদি হত্যার বিচার করতে হবে: ইনকিলাব মঞ্চ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই দাবি উত্থাপন করেন।

তিনি বলেন, “স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার দায়িত্বহীনতার কারণেই দেশের বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের দায় এড়ানোর কোনো সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, গত কয়েকদিনে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে ঘোষিত সংগঠনটির দুই দফা দাবির একটিও এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি সরকার।

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি, যা অত্যন্ত দুঃখজনক।সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলোর ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব এখনো প্রতিষ্ঠিত হয়নি। তারা অভিযোগ করেন, এসব সংস্থায় থাকা পতিত স্বৈরাচার শেখ হাসিনার ‘চরদের’ শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে প্রশাসন।

ইনকিলাব মঞ্চের নেতাদের মতে, একজন অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ হাদি হত্যাকাণ্ডের মতো একটি গুরুতর ঘটনাকে তুচ্ছ ও গুরুত্বহীন হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হয়েছে।সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, হাদি হত্যার বিচার ছাড়া নির্বাচনে যাওয়া হবে দেশের জনগণের সাথে প্রতারণা। তারা অবিলম্বে খুনিদের নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন এবং প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ।