সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন হাইকমিশনার প্রণয় ভার্মার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০২:৩৬ পিএম

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন হাইকমিশনার প্রণয় ভার্মার

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি কেন্দ্রটি পরিদর্শনে যান এবং সেখানে চলমান ভিসা সেবার সার্বিক কার্যক্রম ও অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় হাইকমিশনার সাধারণ আবেদনকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন।

বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক তাদের সাথে তিনি দীর্ঘ সময় কথা বলেন এবং মানবিক দিক বিবেচনা করে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি গুরুত্বের সাথে দেখেন।গত সপ্তাহে নিরাপত্তা হুমকির কারণে যমুনা ফিউচার পার্কের এই ভিসা কেন্দ্রটি একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে এটি পুনরায় চালু করা হয় এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছিল তাদের জন্য দ্রুত বিকল্প স্লটের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ঢাকা ছাড়াও খুলনা, সিলেট এবং রাজশাহীতে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো চালু রয়েছে। তবে চট্টগ্রামের সহকারী হাইকমিশনে সম্প্রতি হামলা ও ভাঙচুরের ঘটনার পর সেখানকার আইভ্যাক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই আইভ্যাক তাদের কার্যক্রম পরিচালনা করছে বলে হাইকমিশন সূত্রে জানানো হয়েছে।

পরিদর্শনের সময় আইভ্যাকের কর্মকর্তারা হাইকমিশনারকে ভিসা প্রক্রিয়ার কিছু জটিলতার বিষয়ে অবহিত করেন। তারা জানান যে প্রচুর পরিমাণে জাল নথি জমা পড়া এবং দালাল চক্রের কারণে সাধারণ আবেদনকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দালালরা কৃত্রিমভাবে সার্ভারে জট তৈরি করে সাধারণ মানুষের স্লটগুলো দখল করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রণয় ভার্মা এই সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই উদ্বেগগুলো তুলে ধরার আশ্বাস দেন। দালাল ও টাউটদের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ নাগরিকদের জন্য ভিসা সেবা আরও সহজলভ্য করার ওপর তিনি জোর দিয়েছেন।