শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:১৭ পিএম

১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা

দেশ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসনের হলরুমে ‘নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। আমরা চাই জনগণের সরাসরি ভোটে যারা ম্যান্ডেট পাবেন, তাদের হাতেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে। এটিই আমাদের মূল প্রতিশ্রুতি। আমরা আমাদের দায়িত্ব পালন শেষে পূর্বের ঠিকানায় ফিরে যাব।

 তিনি আরও জানান, নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার পৈশাচিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটি অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় ঘটনা। কোনো ধরনের ‘মব জাস্টিস’ বা গণপিটুনি গ্রহণযোগ্য নয়। ধর্ম অবমাননার অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইন আছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই কাম্য নয়। তিনি হুঁশিয়ারি দেন যে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

উপদেষ্টা বলেন, ধর্ম শান্তি ও সহনশীলতার শিক্ষা দেয়। ধর্মের নামে সহিংসতা চালানো ধর্মের মৌলিক শিক্ষার পরিপন্থী। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নৈতিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এ সময় তিনি দেশবাসীকে সামাজিক সহিংসতা রোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক সহিংসতা রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।