ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:২৬ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট আয়োজনের অগ্রগতি এবং দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে আমরা পুরোপুরি প্রস্তুত।” অধ্যাপক ইউনূস আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যেকোনো অশুভ চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
বাংলাদেশে এক বছরের দায়িত্বপূর্ণ মেয়াদ শেষে ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার গত ১৭ মাসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার ও ৪৬টি মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহারের সিদ্ধান্তকে তিনি ‘অসাধারণ ও ব্যতিক্রমধর্মী’ বলে অভিহিত করেন।
জবাবে প্রধান উপদেষ্টা নতুন শ্রম অধ্যাদেশকে একটি ‘উৎকৃষ্ট আইন’ হিসেবে উল্লেখ করে জানান, দেশের শীর্ষস্থানীয় শ্রমিক নেতারাও এই সংস্কারকে স্বাগত জানিয়েছেন। এসব সংস্কার বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে বলে জ্যাকবসন মনে করেন।সাক্ষাতে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার অর্থায়ন নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র এককভাবে সবচেয়ে বড় দাতা। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদায়ী সাক্ষাতে ট্রেসি অ্যান জ্যাকবসনকে বাংলাদেশের ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন