ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:২৬ পিএম
সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সকালে মহাপরিচালকের সচিবালয়ে পতাকা উত্তোলন করেন এবং ‘সীমান্ত গৌরব’ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষ্যে পিলখানার শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)। তিনি বিজিবিতে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাহিনীর ৭২ জন সদস্যের হাতে বিভিন্ন ক্যাটাগরির পদক তুলে দেন। পদকপ্রাপ্তদের মধ্যে ১২ জন বিজিবিএম, ২৪ জন পিবিজিএম, ১২ জন বিজিবিএমএস এবং ২৪ জন পিবিজিএমএস পদক লাভ করেন। পদক প্রদান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন এবং উপহার সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির বীরত্বের প্রশংসা করে বলেন যে সীমান্ত রক্ষা ও চোরাচালান দমনে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে তিনি বিজিবি সদর দপ্তরের অভয়ারণ্যে একটি চারা গাছ রোপণ করেন এবং সীমান্ত কুঞ্জে ভিভিআইপি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। দুপুরে বীর উত্তম খন্দকার ফজলুর রহমান মাল্টিপারপাস শেডে এক কেন্দ্রীয় প্রীতিভোজের আয়োজন করা হয়। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।
উল্লেখ্য যে গত ২০ ডিসেম্বর বিজিবি দিবস পালনের পূর্বনির্ধারিত তারিখ থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী শাহাদাতবরণ করায় সেদিন রাষ্ট্রীয় শোক পালন করা হয়। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই দিনে আনুষ্ঠানিকভাবে বিজিবি দিবস পালিত হলো। দিবসটি উপলক্ষ্যে বিজিবির সকল মসজিদে বিশেষ দোয়া এবং সকল রিজিয়ন ও ইউনিট পর্যায়ে প্রীতিভোজের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিনটি অতিবাহিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন