শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

নির্বাচনে বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: আইজিপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:৩৪ পিএম

নির্বাচনে বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: আইজিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত নভেম্বর ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের এ নির্দেশনা প্রদান করেন।

আইজিপি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনের আগে বা চলাকালীন যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার উদ্ভব হলে কোনো প্রকার কালক্ষেপণ না করে।

তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন যে, পুলিশের আইনি কাজে বাধা প্রদানকারীকে সরাসরি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে হবে।প্রাক-নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের উপস্থিতি সাধারণ মানুষের কাছে দৃশ্যমান করার নির্দেশ দিয়ে আইজিপি বলেন:

নিয়মিত টহল কার্যক্রম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করতে হবে।

স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি জোরদার করতে হবে।

জনগণের নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, এখনো যেসব অস্ত্র উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারে তৎপরতা বাড়াতে হবে। সরকার ঘোষিত আর্থিক পুরস্কারের বিষয়টি (৫ লাখ টাকা পর্যন্ত) সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন, যাতে জনগণের সহযোগিতায় দ্রুত অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়।

সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গত নভেম্বর মাসের অপরাধ চিত্র, মামলার তদন্ত ও বিচারের ফলাফলের ওপর সন্তোষ প্রকাশের পাশাপাশি নির্বাচনি চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে সব সময় সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়।