জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৫০ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে দেশের ৬১টি জেলায় একযোগে শুরু হয়েছে। তিন পার্বত্য জেলা ছাড়া বাকি সব জেলায় এই বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। সরকারি চাকরির ক্ষেত্রে প্রার্থী ও পদের সংখ্যা বিবেচনায় এটিই দেশের এযাবৎকালের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা।
এতে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী অংশ নিচ্ছেন।
নিয়োগ পরীক্ষাটি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রশ্নপত্র ফাঁস রোধ এবং ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে কেন্দ্রে কেন্দ্রে বিশেষ প্রযুক্তির ব্যবহার ও কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।
পরীক্ষা কার্যক্রম তদারকিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই, পুলিশ ও র্যাবের অসংখ্য সদস্য মাঠে কাজ করছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বারবার সতর্ক করা হয়েছে যে, মেধার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন হবে।তবে প্রশাসনের এমন কঠোর নিরাপত্তা ও তৎপরতার মধ্যেও প্রশ্নফাঁস ও জালিয়াতি চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করেছে। এরই মধ্যে রংপুরসহ দেশের কয়েকটি জেলা থেকে ডিজিটাল ডিভাইস ব্যবহার ও জালিয়াতির চেষ্টার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং উভয় কান উন্মুক্ত রাখার নির্দেশনা পালন নিশ্চিত করা হয়েছে।বিকেল ৪টা ৩০ মিনিটে এই লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।
পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রার্থীরা দীর্ঘ প্রতীক্ষার পর এই পরীক্ষায় অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করলেও জালিয়াতি চক্রের তৎপরতা নিয়ে কিছুটা উদ্বিগ্নে রয়েছেন। তবে শিক্ষা বিভাগ আশ্বস্ত করেছে যে, যেকোনো ধরনের অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন