সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

নির্বাচনের আগে পে স্কেল দেওয়া সম্ভব কি না, জানালেন গভর্নর

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৪:১০ পিএম

নির্বাচনের আগে পে স্কেল দেওয়া সম্ভব কি না, জানালেন গভর্নর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন কোনো পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

গভর্নর স্পষ্ট করেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না, বরং বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের বিবেচনার জন্য রাখা হবে।

ড. আহসান এইচ মনসুর বলেন, একটি নতুন পে স্কেল বাস্তবায়ন করা সময়সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদি আর্থিক সংশ্লেষের বিষয়। অন্তর্বর্তী সরকার চাইলে একটি প্রাথমিক কাঠামো বা রূপরেখা তৈরি করে দিয়ে যেতে পারে, তবে এর চূড়ান্ত বাস্তবায়ন নির্ভর করবে নির্বাচনের পর আসা নতুন সরকারের ওপর।

বর্তমানে সরকারের মূল মনোযোগ সুষ্ঠু নির্বাচন আয়োজনের দিকে নিবদ্ধ থাকায় পে স্কেল নিয়ে এই মুহূর্তে বড় কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পূর্ববর্তী কাজগুলো পর্যালোচনা করে এ বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারবে।মতবিনিময় সভায় ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন প্রসারের ওপরও গুরুত্বারোপ করেন গভর্নর। তিনি জানান, ডিজিটাল লেনদেন জনপ্রিয় হলে ছেঁড়া-ফাটা নোটের সমস্যা ও টাকা ছাপানোর বিশাল খরচ অনেকাংশে কমে যাবে।

নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে, যা দেশে ক্যাশলেস লেনদেনকে আরও উৎসাহিত করবে। এছাড়া দেশের আমদানিনীতিকে জটিল আখ্যা দিয়ে তিনি সরকারি কর্মকর্তাদের অদক্ষতাকে দায়ী করেন, যার ফলে সময়মতো পণ্য আমদানি বাধাগ্রস্ত হয়ে বাজারে দাম বেড়ে যায়।

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গভর্নর আমদানিকারক ও স্থানীয় ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন এবং মুদ্রানীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক করার আশ্বাস দেন। নির্বাচনের আগে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।