মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

গ্রানাডার সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্ক স্থাপন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:৪৭ এএম

গ্রানাডার সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্ক স্থাপন

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র গ্রানাডার সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে এক যৌথ ঘোষণার মাধ্যমে এই ঐতিহাসিক সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশ ও গ্রানাডা উভয় দেশই ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল। 

দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে এই প্রাতিষ্ঠানিক বন্ধন তৈরি হলো। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং গ্রানাডার হাইকমিশনার রাচের ক্রোনি নিজ নিজ দেশের পক্ষে এই সমঝোতায় স্বাক্ষর করেন।

হাইকমিশনার আবিদা ইসলাম এই মাহেন্দ্রক্ষণকে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ ও গ্রানাডার মধ্যে ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। এই সম্পর্কের ফলে দক্ষিণ এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক সেতুবন্ধন তৈরি হবে। 

বিশেষ করে বাংলাদেশের বিশ্বমানের ওষুধ ও বস্ত্রখাতের সক্ষমতা এবং গ্রানাডার কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাণিজ্য সম্প্রসারণের বিশাল সুযোগ তৈরি হয়েছে। গ্রানাডার হাইকমিশনার রাচের ক্রোনিও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের মতো অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গ্লোবাল সাউথের দেশ হিসেবে উভয় দেশ এখন থেকে আরও নিবিড়ভাবে কাজ করতে পারবে।

নতুন এই কূটনৈতিক সম্পর্কের ফলে জাতিসংঘ ও কমনওয়েলথসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ ও গ্রানাডার অবস্থান আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে। এই সম্পর্ক কেবল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।