ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:৩৩ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে এবার আন্তর্জাতিক পর্যায়ের সহযোগিতা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকার অতি দ্রুত এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরকে (OHCHR) আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সরকার এই মামলায় পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং যেকোনো আন্তর্জাতিক তদন্তে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে হাদি হত্যার বিচারের দাবিতে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চের সদস্য ও নিহতের পরিবার। সেখানে হাদির স্ত্রীসহ সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, রাষ্ট্র সংস্কারে তারা সরকারকে সহযোগিতা করলেও হাদি হত্যার বিচারের ক্ষেত্রে তারা যথাযথ সহযোগিতা পাচ্ছেন না।
এই আন্দোলনের কয়েক ঘণ্টার মধ্যেই সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে যুক্ত করার এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি এলো।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন শরিফ ওসমান হাদি।
উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও গত ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে হাদি হত্যার পেছনের কুশীলবদের শনাক্ত করা এবং আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্তের পথ প্রশস্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন