ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৪৩ পিএম
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের মিছিলকে কেন্দ্র করে রাজধানীর মিন্টো রোড ও প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এলাকায় রণক্ষেত্র তৈরি হয়েছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ব্যাপক বাধা ও ব্যারিকেড উপেক্ষা করে আন্দোলনকারীরা যমুনার কাছাকাছি পৌঁছে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, যার ফলে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়।
এর আগে সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা। সেখান থেকে বেলা ১১টার দিকে তারা একটি বিশাল মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন। মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথরোধ করার চেষ্টা করে।
আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশের সঙ্গে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।সংঘর্ষের এক পর্যায়ে কর্মচারীরা পুনরায় সংগঠিত হয়ে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনার নিজেই ঘটনাস্থলে উপস্থিত হন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। বর্তমানে মিন্টো রোড ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন