মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:১২ পিএম

৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি ব্যালট ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৭ লাখ ৬৬ হাজারের বেশি প্রবাসীর কাছে ডিজিটাল পদ্ধতিতে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজারের বেশি প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ইতিমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন।

 প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও ডাকযোগে ব্যালট পাঠানো শুরু করেছে ইসি। দেশের ভেতরে নিবন্ধিত প্রায় ৭ লাখ ভোটারের মধ্যে ২ লাখ ৫৯ হাজার জন ইতিমধ্যে তাদের ভোট প্রদান করেছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ইসি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু করেছে। যেখানে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। 

রিটার্নিং কর্মকর্তারা ইতিমধ্যে ১ লাখ ২৪ হাজারের বেশি প্রবাসীদের ব্যালট এবং ৩০ হাজারের বেশি দেশীয় পোস্টাল ব্যালট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। ১২ ফেব্রুয়ারি মূল নির্বাচনের আগেই এই ব্যালটগুলো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।