ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:৩৪ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী বুধবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে পাঁচ ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিষেধাজ্ঞার আওতায় মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।
ইসি জানিয়েছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
তবে মোটরসাইকেলের ক্ষেত্রে বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে; মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের দিন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ব্যক্তিগত গাড়ি (কার) ব্যবহার করতে পারবেন। এছাড়া মেট্রোরেল ও দূরপাল্লার গণপরিবহন স্বাভাবিক নিয়মে চলাচল করবে।জরুরি সেবায় নিয়োজিত যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স, ওষুধ, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং অগ্নিনির্বাপক সেবার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন চলাচলেও কোনো বাধা নেই।
বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট ও টিকিট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দর যাতায়াতের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় মহাসড়ক ও বন্দরগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন