ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:২৮ পিএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দেশের ২৯৯টি সংসদীয় আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
ইসি জানায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে কড়া নজরদারি থাকবে। শুধু সিসি ক্যামেরা নয়, নিরাপত্তার প্রয়োজনে ড্রোন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে ‘বডি ওর্ন’ ক্যামেরাও ব্যবহার করা হবে।
ভোটের মাঠে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তাৎক্ষণিক বিচারিক কাজের জন্য মাঠে থাকবেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
ইসি আরও জানায়, নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে গত ডিসেম্বর থেকে বিশেষ অভিযানে ৮৫০টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ভোটারদের আশ্বস্ত করে ইসি সানাউল্লাহ বলেন, এত বড় নিরাপত্তা বলয় অতীতে দেখা যায়নি, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কমিশন প্রস্তুত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন