শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

শুক্রবার সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল: ইসি সানাউল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:১২ পিএম

শুক্রবার সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল: ইসি সানাউল্লাহ

দেশে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ব্যালট বিপ্লবের মাধ্যমে জাতি তাদের পরবর্তী সরকার ও রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নির্ধারণ করবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল কখন প্রকাশ করা হবে, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কোনো কমতি নেই। 

এই কৌতূহল নিরসনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালের মধ্যেই দেশের বেশিরভাগ আসনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন আয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। 

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সেজন্য ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশের পূর্ণ সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, “ভোটের সার্বিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রাখছে ইসি।ব্রিফিংয়ে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিও গুরুত্ব পায়। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী এবার প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করা হয়েছে। এ বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, “পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করছে এবং কমিশন এটি সফল করতে কাজ করে যাচ্ছে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ব্রিফিংয়ে বলেন, “অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। নির্বাচনে কঠোর জবাবদিহি নিশ্চিত করা হবে।” ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে কমিশন এখন একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছে। শুক্রবার সকালের মধ্যে ফলাফল ঘোষণার এই বার্তা ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত করবে বলে আশা করা হচ্ছে।