শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

আনুষ্ঠানিক প্রচার বন্ধ, তবে অনলাইনের বিষয়ে যা বললেন ইসি সানাউল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:০১ পিএম

আনুষ্ঠানিক প্রচার বন্ধ, তবে অনলাইনের বিষয়ে যা বললেন ইসি সানাউল্লাহ

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী আইন অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, মিছিল ও জনসভা নিষিদ্ধ করা হয়েছে। তবে এই শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছে কীভাবে পৌঁছাবেন, তা নিয়ে ধোঁয়াশা দূর করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজপথে আনুষ্ঠানিক শোডাউন নিষিদ্ধ থাকলেও অনলাইনে এবং ব্যক্তিগত পর্যায়ে প্রচারণায় কোনো বাধা নেই।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ বলেন, “আনুষ্ঠানিক প্রচারণা—মিছিল, সমাবেশ—এগুলো এখন সম্পূর্ণ বন্ধ। 

তবে আইন অনুযায়ী কোনো প্রার্থী বা তার সমর্থক ব্যক্তিগতভাবে ভোটারের সঙ্গে যোগাযোগ করে ভোট চাইতে পারেন; এতে কোনো সমস্যা নেই। একইভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইনে প্রচার কার্যক্রমও চলতে পারে।” ইসির এই নির্দেশনার ফলে শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছেন এই কমিশনার। তিনি জানান, এবার প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট চালু করা হয়েছে এবং এতে শতাধিক প্রতীক থাকায় গণনা প্রক্রিয়ায় তুলনামূলক বেশি সময় লাগতে পারে। তাই সঠিক ও নির্ভুল ফলাফলের জন্য সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি।এছাড়া ভোটের মাঠে কালো টাকার প্রভাব বিস্তার রোধে কঠোর অবস্থানে রয়েছে কমিশন। 

ইসি সানাউল্লাহ জানান, কালো টাকার লেনদেন ও অবৈধ অর্থ প্রবাহের বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) সতর্ক নজর রাখতে বলা হয়েছে। নির্বাচনের ঠিক আগের দিন ঠাকুরগাঁওয়ে বিপুল টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনার পর ইসির এই সতর্কতা বিশেষ গুরুত্ব বহন করছে। নির্বাচন প্রক্রিয়াকে নিরাপদ ও প্রভাবমুক্ত রাখতেই এই কঠোর নজরদারি।