শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট দেওয়ার আহ্বান সিইসির

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:২৪ পিএম

উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট দেওয়ার আহ্বান সিইসির

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই মহাযজ্ঞের প্রাক্কালে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ভাষণে তিনি দল-মত নির্বিশেষে সব ভোটারকে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পবিত্র নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

বক্তব্যের শুরুতেই সিইসি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। একইসঙ্গে তিনি চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

তিনি বলেন, “এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা একাত্তরের মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের স্মরণ করছি। তাদের আত্মত্যাগেই আজকের এই গণতান্ত্রিক পরিবেশ।”সিইসি তার বক্তব্যে ভোটারদের উদ্দেশে বলেন, “ভোটদান আমাদের নাগরিক দায়িত্ব। 

কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সবাই এই দায়িত্ব পালন করবেন। সবাই দায়িত্বশীল ও যত্নবান হবেন। আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে আসবেন।” তিনি নির্বাচনে জয়-পরাজয়কে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মেনে নিয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের সহনশীল আচরণ করার অনুরোধ জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, “জাতীয় নির্বাচনকে আমরা উৎসবমুখর করতে চাই। যেকোনো সমস্যা বা অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে জানান এবং তাদের সহায়তা করুন।” সিইসির এই ভাষণ নির্বাচনের ঠিক আগের রাতে ভোটারদের মাঝে আস্থা ফেরাতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।