শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:৪০ পিএম

আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের ঠিক আগের রাতে নাটকীয় মোড় নিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ দুপুরে টাকা বহন সংক্রান্ত তার একটি বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় তিনি দাবি করলেন, তাকে ‘মিসকোট’ বা ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সামনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কোট করা হয়েছে, আমি নাকি বলেছি ৫ কোটি টাকা নিয়ে যাওয়া গেলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার বা ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি।”

ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতাকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনার প্রেক্ষিতে দুপুরে সচিবের যে বক্তব্য প্রচার হয়েছিল, তা নিয়ে তিনি বলেন, আমার কাছে জানতে চাওয়া হয়েছিল অর্থের ব্যাপারে। 

আমি বলেছি, যারা এটা ইন্টারসেপ্ট (জব্দ) করেছে, তারা সোর্স এবং পারপাস দেখবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রচার করা হয়েছে আমি টাকার অংক বলেছি। ভোটের আগের রাতে এমন অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক।টাকা বহনের আইনি সীমা সম্পর্কে জানতে চাইলে সচিব এবার কৌশলী উত্তর দেন। তিনি বলেন, “আইনি ব্যাখ্যা তারাই দেবেন যারা টাকা জব্দ করেছেন। আমি কেন দেব? আমার কাছে আইনি ব্যাখ্যা চাওয়া অবিচার।

এদিকে সন্ধ্যায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ইসিতে এসে এজেন্টদের হয়রানি ও বাধার অভিযোগ করে। এ বিষয়ে সচিব জানান, তিনি অভিযোগগুলো শুনেছেন এবং রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তিনি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।